সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সরকারি বরাদ্দ বণ্টনে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলেছেন ডা. মাহমুদা মিতু। তার দাবি, ৫০ জন নারী এমপির মধ্যে ৩৭ জন বরাদ্দ পেলেও রাজনৈতিক ভিন্নমতের কারণে বাকি ১৩ জনকে বঞ্চিত করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি-এর যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মিতু বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে ‘সংকীর্ণ মানসিকতা’ ও পুরোনো কর্তৃত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে প্রত্যাশা থেকে আন্দোলন-সংগ্রাম হয়েছে, সেই আদর্শের সঙ্গে এ ধরনের বঞ্চনা সাংঘর্ষিক। বঞ্চিতদের মধ্যে আন্দোলনের অগ্রভাগে থাকা নারী এবং একজন বীর শহীদের মাও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সংসদে বিভিন্ন দলের নারী সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে ডা. মিতু বলেন, মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক অংশ, তবে রাজনৈতিক ভিন্নতাকে কখনোই বৈষম্য বা শত্রুতার কারণ বানানো উচিত নয়।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনাকারীরাই যদি বৈষম্যের চর্চা করে, তাহলে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171247