আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছেন বগুড়াবাসী
স্পোর্টস রিপোর্টার : আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ দেখতে পাবেন বগুড়ার ক্রীড়াপ্রেমী মানুষ। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দু’টি একদিনের (ওয়ানডে) ম্যাচ খেলতে বগুড়ায় অবস্থান করছে জিম্বাবুয়ে ‘এ’ ক্রিকেট দল। আজ বুধবার (৩ জুন) সফরকারী দলটি বগুড়ার হোটেল মম ইন-এ এসে উঠে।
এর আগে সর্বশেষ শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৬ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর গত বছরের ২৮ ও ৩১ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল এই মাঠে দু’টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলে। আর আগামী ৮ জুন এই স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়ায় পৌঁছার পর আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুশীলনে নামবে জিম্বাবুয়ে দল। আগামী ৭ জুন পর্যন্ত তারা এখানেই অনুশীলন করবে। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের আগামী ৬ জুন বগুড়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৮ জুন শহীদ চাঁন্দু স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দল।
একদিন বিরতি পর ১০ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর আগামী ১৩ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে সিলেটে দুটি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে আট মাসের ব্যবধানে বগুড়ায় আবারও আন্তর্জাতিক ম্যাচ ঘিরে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জরুরি সংস্কার কাজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের ড্রেসিংরুম, অফিশিয়ালদের কক্ষ ও ভিআইপি গ্যালারির পুরোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বদলে নতুন বসানো হয়েছে। এছাড়া পানি ও বিদ্যুৎ সংযোগসহ ভবনের যাবতীয় সরঞ্জাম নতুন করে সচল করা হচ্ছে।
জানতে চাইলে শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান বলেন, জিম্বাবুয়ে ‘এ’ দল বগুড়ায় এসে পৌঁছেছে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে তাদের অনুশীলন শুরু হবে। ভেন্যুর প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যদিও এটি ‘এ’ দলের আন্তর্জাতিক ম্যাচ তবুও এর মাধ্যমেই আমরা আশার আলো দেখছি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171235