নওগাঁর সাপাহারে রাস্তার পাশে পশুর চামড়ার স্তুপ, দুর্গন্ধে তেষ্ঠা দায়

নওগাঁর সাপাহারে রাস্তার পাশে পশুর চামড়ার স্তুপ, দুর্গন্ধে তেষ্ঠা দায়

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার একটি গ্রামীণ সড়কের পাশে বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে পরিবেশ দূষণ ও রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

আজ বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের পিছলীডাঙ্গা-সাহাবাজপুর গ্রামীণ পাকা সড়কের পাশে জামালের আমবাগানের সামনে কোরবানির পশুর চামড়া ফেলে রেখে চলে যায়। কয়েক দিনে চামড়াগুলো পচতে শুরু করায় আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনের রাতে কে বা কারা বস্তাভর্তি এসব পশুর চামড়া বিক্রি না হওয়ায় সেখানে ফেলে রেখে যায়। পরদিন সকালে স্থানীয়রা বস্তাগুলোকে আমবাগানে ব্যবহৃত সারের বস্তা মনে করেন। পরে কুকুর ও শিয়াল বস্তা ছিঁড়ে ফেললে ভেতরে থাকা চামড়াগুলো বেরিয়ে আসে এবং কয়েকদিনের মধ্যে সেগুলো পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।

এলাকাবাসী জানান, সড়কটি গ্রামীণ হলেও ওই পথে প্রায় ২২টি গ্রামের মানুষ চলাচল করে। দুর্গন্ধের কারণে পথচারীদের ভোগান্তি ক্রমেই বেড়ে চলেছে। পাশাপাশি আমবাগানে কাজ করা শ্রমিকরাও চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন।

স্থানীয়রা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171220