স্কটল্যান্ডে জ্যোতিদের প্রথম জয়

স্কটল্যান্ডে জ্যোতিদের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ নারী দল। ব্যর্থতার কারণ হিসেবে কন্ডিশনের কথা বলা হয় দলের পক্ষ থেকে। স্কটল্যান্ডের বাতাসের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না নিগার সুলতানা জ্যোতিরা।

অবশেষে দুই ম্যাচ হারের পর বাধা কাটিয়ে উঠেছে নারী দল। স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে তারা। স্কটিশদের বিপক্ষে ৩৪ রানের জয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে কিছুটা স্বস্তি নিগারদের। বাংলাদেশের করা ৬ উইকেটে ১৫২ রানের লক্ষ্য তাড়া করে স্কটল্যান্ড ১১৮ রানে অলআউট হয়।

রানখরায় থাকা অধিনায়ক নিগার টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন। তার ৪৭ বলে ৫৮ রানে ২৩ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলেছে বাংলাদেশ। সোবহানা মোস্তারিকে (৩৯) নিয়ে দলের শতরান পূর্ণ করেন জ্যোতি। পরে তারা স্বর্ণা আক্তারের সঙ্গে জুটি গড়ে দেড়শ পার করেন।

এদিন মিডলঅর্ডার ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভালো করেছে বাংলাদেশ। রিতু মনি ২ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট নেন। এ ছাড়া পেসার সানজিদা মেঘলা ও মারুফা আক্তার দুটি করে উইকেট নেন। ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171127