বিশ্বকাপের আগে ইনজুরিতে আক্রান্ত আর্জেন্টিনা দল
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। এই মুহূর্তে আলবিসেলেস্তে ক্যাম্পে ঘনিয়েছে দুশ্চিন্তার কালো মেঘ। দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডের মধ্যে অন্তত ৯ জন খেলোয়াড় চোট ও নানা শারীরিক সমস্যা নিয়ে দলের বেস ক্যাম্প কানসাস সিটিতে এসে পৌঁছেছেন। এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেও দলের কোচিং স্টাফদের দৃঢ় বিশ্বাস, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই সব খেলোয়াড় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
চোটের তালিকায় থাকা ৯ জনের মধ্যে প্রথম দিনই স্বাভাবিকভাবে অনুশীলন শুরু করেছেন হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা এবং নিকো পাজ। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে গোড়ালিতে চোট পেয়েছিলেন আলভারেজ। এরপর ইনজেকশন নিয়ে দ্বিতীয় লেগ খেললেও মৌসুমের বাকি সময় মাঠের বাইরে ছিলেন। অন্যদিকে পেশির টানের সমস্যায় থাকা আলমাদা এবং নিকো পাজের শারিরীক অবস্থার বেশ দ্রুত উন্নতি হচ্ছে। কানসাসে দ্বিতীয় দিনের অনুশীলনে সবচেয়ে বড় সুসংবাদ ছিল রক্ষণভাগের প্রধান স্তম্ভ ক্রিশ্চিয়ান রোমেরোর মাঠে ফেরা। টটেনহ্যামের হয়ে খেলার সময় হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে মাঠ ছাড়ার সময় তার কান্না ভক্তদের মনে শঙ্কার জন্ম দিয়েছিল। তবে দ্রুত সেরে উঠে করে তিনি এখন স্কালোনির দলে যোগ দিতে প্রস্তুত। আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে কিছুক্ষণের জন্য মাঠেও দেখা যেতে পারে।
ইন্টার মায়ামির হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তার এই চোট পুরো আর্জেন্টিনাকেই কাঁপিয়ে দিয়েছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, চোটটি খুব একটা গুরুতর নয় এবং বিশ্বকাপে তার খেলা নিয়ে কোনো সংশয় নেই। তবে কোচিং স্টাফরা মেসিকে নিয়ে কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চান না। সে কারণে আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নামানো হতে পারে। মেসির পাশাপাশি রাইট-ব্যাক নাহুয়েল মলিনা এবং লেয়ান্দ্রো পারেদেসকেও আইসল্যান্ড ম্যাচে খেলানোর পরিকল্পনা রয়েছে। তবে সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস এবং ডিফেন্ডার গঞ্জালো মনতিয়েল। ইউরোপা লিগ ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় ডান হাতের অনামিকায় চিড় ধরা পড়ে মার্তিনেসের। বর্তমানে তার আঙুলে স্প্লিন্ট এবং ব্যান্ডেজ বাঁধা রয়েছে। মার্তিনেসের বিশ্বকাপ নিশ্চিত হলেও আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে সতর্কতাস্বরূপ তাকে বেঞ্চে রাখা হতে পারে।
অন্যদিকে, গত ১৬ মে রোসারিও সেন্ট্রালের বিপক্ষে খেলার সময় বাঁ পায়ের কোয়াড্রিসেপ্সে গ্রেড-২ স্তরের টিয়ার ধরা পড়ে গনজালো মনতিয়েলের। বর্তমান স্কোয়াডের মধ্যে তিনিই সবচেয়ে বেশি ছিটকে যাওয়ার ঝুঁকিতে আছেন। কাতার বিশ্বকাপের আগে যেভাবে চোটের কারণে নিকোলাস গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়াকে শেষ মুহূর্তে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল, মনতিয়েল শতভাগ ফিট না হলে এবারও স্কালোনি কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। তবে কোচিং স্টাফরা এখনও বিশ্বাস রাখছেন, প্রথম ম্যাচের আগেই মনতিয়েল মাঠে ফেরার জন্য তৈরি হয়ে যাবেন। বিশ্বকাপের আগে চোটের এই দীর্ঘ তালিকা নিঃসন্দেহে আর্জেন্টিনার জন্য এক বড় পরীক্ষা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171109