চাঁপাইনবাবগঞ্জ থেকে কুষ্টিয়া যাচ্ছিল অস্ত্রের চালান রাজশাহীতে জব্দ

চাঁপাইনবাবগঞ্জ থেকে কুষ্টিয়া যাচ্ছিল অস্ত্রের চালান রাজশাহীতে জব্দ

রাজশাহী প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচার করা হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকারসহ এক তরুণী ও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত দু’জন হলেন- দুলাল শেখ (৩৬) ও সানজিদা আকতার শিমু (১৮)। দুলাল কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা। সানজিদার বাড়িও একই এলাকায়। জানা যায়, আজ মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান চালায়। এতে অংশ নেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। অভিযানে প্রাইভেটকারের ব্যাকডালা তল্লাশি করে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, আজ মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে তিনি নির্ভরযোগ্য একটি সূত্রে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। তথ্য পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের করা হয়েছে। আজ বুধবার গ্রেফতারকৃত দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171077