যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ফিরলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক আলোচনা আবার সঠিক পথে ফিরেছে। বিষয়টি সম্পর্কে অবগত আঞ্চলিক একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল সোমবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, লেবাননে নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা স্থগিত করেছে তেহরান।
তবে এ বিষয়ে ভিন্ন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দুই দেশের মধ্যকার আলোচনা স্থগিত হয়নি, বরং তা ‘দ্রুতগতিতে’ এগিয়ে চলছে। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা স্থগিত করা প্রসঙ্গে তাসনিমের প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলের শাসকগোষ্ঠীর অব্যাহত হামলা ও যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে লেবাননকে অন্তর্ভুক্ত রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে তেহরান এ সিদ্ধান্ত নিয়েছে। ইরানের মতে, লেবাননসহ সব ফ্রন্টেই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘিত হয়েছে। প্রতিবাদে ইরানের আলোচক দল ওয়াশিংটনের সঙ্গে ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা এবং তথ্য আদান-প্রদান বিনিময়’ স্থগিত করছে।
এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা বা দর কষাকষি বন্ধ হয়ে গেলে তিনি কোনো তোয়াক্কা করবেন না। ট্রাম্প আরও বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হিজবুল্লাহর একজন নেতার সঙ্গে কথা বলেছেন। তারা পরস্পরের ওপর হামলা চালানো বন্ধ করবেন। তাসনিম নিউজ জানায়, ইরান গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি লেবানন থেকে ইসরায়েলের সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে বলেছে, এসব বিষয়ে ইরান ও প্রতিরোধযোদ্ধাদের অবস্থানে সন্তুষ্টি না আসা পর্যন্ত কোনো আলোচনা হবে না।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, তেহরান এবং এ অঞ্চলে তাদের মিত্র গোষ্ঠীগুলো এখন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া ও অন্যান্য ফ্রন্টকে সক্রিয় করার বিষয়টি এজেন্ডায় রেখেছে। এর মধ্যে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালিও রয়েছে। লেবাননে ইসরায়েলি অভিযানের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল এক্সে লিখেছেন, ‘একটি ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘনের অর্থ সব ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘন। যেকোনো লঙ্ঘনের পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী।’
ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ বজায় রেখে ও লেবাননে ইসরায়েলের হামলা না থামিয়ে স্পষ্টভাবেই চুক্তি লঙ্ঘন করছে। প্রতিটি পছন্দেরই একটা মূল্য আছে; আর সেই মূল্যটা একসময় চুকানোই লাগে। এদিকে আল জাজিরার খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প সিএনবিসিকে বলেছেন, ‘সত্যি বলতে, এগুলো (ইরানের সঙ্গে চলমান আলোচনা) শেষ হয়ে গেলেও আমার কিছু আসে যায় না। আমি মোটেও পরোয়া করি না।’ ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গে তার ‘অত্যন্ত ফলপ্রসূ’ ফোনালাপ হয়েছে। বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না এবং যে সেনারা রওনা হয়েছিলেন, তাদের ইতিমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, হিজবুল্লাহর সঙ্গেও তার ‘খুব ভালো কথা’ হয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েল পরস্পরের ওপর হামলা চালাবে না।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170997