ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১০

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দিনিপ্রোসহ কয়েকটি শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এ হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

এক প্রতিবেদনে সামা টিভি জানিয়েছে,  চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া বারবার ইউক্রেনের বিদ্যুৎব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইউক্রেনও চলতি বছরে রাশিয়ার তেল স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে। তবে উভয়পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। এর আগে গত সপ্তাহে ক্রেমলিন সতর্ক করে বলেছিল, ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানেস্ক অঞ্চলে একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহতের ঘটনার জবাবে কিয়েভে ‘ধারাবাহিক হামলা’ চালানো হবে। যদিও ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করেছে।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিয়েভের বহুতল ভবনগুলোর ওপর বড় বড় বিস্ফোরণ ঘটছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। শহরটির মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাতভর হামলায় অন্তত চারজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। ক্লিচকো জানান, একটি ২৪ তলা আবাসিক ভবনে সম্ভবত ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি ৯ তলা অ্যাপার্টমেন্ট ভবনসহ আরও কয়েকটি স্থাপনায় আগুন লাগে। 

হামলার সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে ছুটে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র ও গদি সঙ্গে নিয়ে সেখানে আশ্রয় নেন। এসময় আকাশে রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতার শব্দ শোনা যাচ্ছিল। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170984