রংপুরের অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে চাঞ্চল্যকর অপহরণ মামলায় ভুক্তভোগী উদ্ধারসহ প্রধান আসামি জাহিদ হাসানকে (২৯) মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার (১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতার জাহিদ হোসেন মিঠাপুকুর থানার পশ্চিম চুহর এলাকার ফারুক মিয়ার ছেলে।
এজাহার সূত্রে র্যাব জানায়, অপহৃত নাবালিকা ৭ম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া আসার পথে অভিযুক্ত জাহিদ হোসেন ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় বিয়ে ও প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলো। ওই শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হলে গত ২৪ মে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় জাহিদ হোসেন ও তার সহযোগী আরও ২/৩ জন মিলে জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাসযোগে মিঠাপুকুরের দিকে নিয়ে যায়।
ভুক্তভোগী বাড়িতে না যাওয়ায় এবং কোন খোঁজ খবর না পাওয়ায় গত ৩০ মে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন। অপরহরণের বিষয়টি আমলে নিয়ে র্যাব-১৩ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় থানার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযানে অপহৃত শিক্ষার্থীসহ অপহরণকারী জাহিদ হাসানকে গ্রেফতার করে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত জাহিদ হোসেনকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170949