বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা এবং বাঙালি নদীর পানি বৃদ্ধি
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : গত কয়েকদিন ধরেই বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বাঙালি নদীর পানিও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি উঠলেও আজ সোমবার (১ জুন) থেকে এ নদীর পানি কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পানি বাড়া-কমার মধ্যেই থাকবে, তবে মাঝামাঝি সময়ের পর থেকে পানি স্থায়ীভাবে বাড়তে শুরু করবে।
গত ঈদুল আজহার বেশ কয়েকদিন আগে থেকেই বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত শুক্রবার যমুনার পানির উচ্চতা ছিল ১২.৫৭ মিটার, শনিবার ১২.৬১ মিটার, রবিবার ১২.৮৮ মিটার এবং আজ সোমবার (১ জুন) উপজেলার মথুরাপাড়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৩.২২ মিটার।
অর্থাৎ গত ৪ দিনে এ উপজেলায় যমুনা নদীর পানি ৬৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। উপজেলায় যমুনা নদীর পানির বিপৎসীমা ১৬.২৫ মিটার। অর্থাৎ পানি এখনো বিপৎসীমার ৩ মিটার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলায় বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রায় বিপৎসীমার কাছাকাছি উঠেছিল। সর্বশেষ গত শনিবার এ নদীর পানির উচ্চতা ছিল ১৪.১৩ মিটার।
উপজেলায় বাঙালি নদীর পানির বিপৎসীমা ১৫.৮৫ মিটার। অর্থাৎ গত শনিবার এ নদীর পানি বিপৎসীমার মাত্র ১ মিটার ৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে গতকাল রবিবার থেকে এ নদীর পানি কমতে শুরু করেছে। এদিন বাঙালির পানির উচ্চতা ছিল ১৪.০২ মিটার এবং আজ সোমবার (১ জুন) পানির উচ্চতা হয়েছে ১৩.৮২ মিটার।
অর্থাৎ গত ২ দিনে এ নদীর পানি ৩১ সেন্টিমিটার কমেছে। বাঙালি নদীর পানি বৃদ্ধিতে এ নদীর উপকূল সংলগ্ন নিচু জমির ধইঞ্চা, পাট এবং আউশ ধানসহ বেশকিছু ফসল পানিতে আক্রান্ত হয়েছিল। তবে পানি কমাতে এসব ফসল থেকে পানি পুনরায় নামতে শুরু করেছে এবং ফসলগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাচ্ছে।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, উজানের ভারি বৃষ্টির কারণে গত কয়েকদিন ধরেই জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পানি এইরকম বাড়া-কমার মধ্যেই থাকবে। তবে তার পর থেকে পানি একেবারেই স্থায়ীভাবে বাড়তে শুরু করবে। তবে এখনই পানি বিপৎসীমার কাছাকাছি বা অতিক্রম করার কোনও সম্ভাবনা নেই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170939