নওগাঁর রাণীনগরে ছুরিকাঘাত করে ছিনতাই

নওগাঁর রাণীনগরে ছুরিকাঘাত করে ছিনতাই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আব্দুল খালেক মন্ডল নামে এক যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে আব্দুল খালেক মন্ডল (৪০) একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাহাবুল হোসেন (৩২)। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার আবাদপুকুর-রাণীনগর সড়কের খলিশাকুড়ি মোড় নামক ব্রিজ এলাকায়।

সাহাবুল হোসেন জানান, রাতে আব্দুল খালেকের মোটরসাইকেলযোগে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা যাই। সেখান থেকে রাত প্রায় সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় খলিশাকুড়ির মোড় এলাকার ব্রিজের কাছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য মোটরসাইকেলের গতি কিছুটা কমানোর সাথে সাথে দুর্বৃত্তরা সামনে আসে।

এসময় আমাদের দুই জনের চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে পকেট থেকে প্রায় ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলের চাবি নেয়ার চেষ্টা করলে ধস্তা-ধস্তির এক পর্যায়ে খালেকের পেটে ছুরিকাঘাত করে ওই দুর্বৃত্তরা। খালেককে রক্ষা করতে গিয়ে আমার হাতেও ছুরির আঘাত লেগে কেটে যায়। এরপর আমাকে তারা লাঠি দিয়ে বেদম মারপিট করে। ছুরিকাঘাতে খালেকের কিছুটা নাড়ি-ভুড়ি বের হয়ে যায়।

এসময় পূর্ব দিক থেকে একটি গাড়ি এলে গাড়ির আলো দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় খালেককে উদ্ধার করে কোন রকমে মোটরসাইকেল তুলে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে ৬/৭জন ছিল। আমার কাছে থাকা ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। কিন্তু খালেক মন্ডলের জ্ঞান না ফেরায় তার কাছ থেকে কোন টাকা নিয়েছে কিনা জানা যায়নি। রাণীনগর থানার এসআই জুলফিকার জানান, আহতরা চিকিৎসাধীন থাকায় এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনাটি সুষ্ঠুভাবে খতিয়ে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170923