জয়পুরহাটের ক্ষেতলালে পিকআপ চাপায় দুলাভাই ও শ্যালকের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলালে পিকআপ চাপায় দুলাভাই ও শ্যালকের মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : চলতি মৌসুমে ধান শুকানোর জন্য অনেকেই বিপদজনক ভাবে বেছে নিয়েছেন  পাকা সড়ক। এতে করে প্রতিদিন বাড়ছে হতাহতের ঘটনা। এ অবস্থায় ঈদ মৌসুমে আজ সোমবার (১ জুন) ক্ষেতলালে মোটরসাইকেলে স্ত্রী ও শ্যালককে নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে খড়ের ওপরে চাকা পিছলে তিনজন আরোহীই সড়কে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকের স্ত্রী আহত হয়েছেন।

আজ সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা-খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাভাই ইমন খন্দকার (২৯) কালাই পৌরশহরের সড়াইল খন্দকারপাড়া মহল্লার তাজুল ইসলাম খন্দকারের ছেলে এবং শ্যালক ফেরদৌস হোসেন (১৩) একই উপজেলার হারুঞ্জা গ্রামের শামছুল হকের ছেলে। আহত সুরাইয়া (১৯) ইমন খন্দকারের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে ওসি মুক্তারুল ইসলাম জানান, নিহত ইমন খন্দকার তার স্ত্রী সুরাইয়া ও শ্যালক ফেরদৌস হোসেনকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে পাঁচবিবি পৌরশহরে খালার বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে খড়িকাটা-খারিতা এলাকায় সড়কের উপর খড় থাকায় মোটরসাইকেলটি পিছলে সবাই পড়ে যায়।

এসময় বিপরীত দিক চানপাড়া থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া সবাইকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এ অবস্থায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমন খন্দকার মারা যান। পথচারীরা গুরুতর আহত অবস্থায় শ্যালক ফেরদৌস হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এবং স্ত্রী সুরাইয়াকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস হোসেনকে মৃত ঘোষণা করেন। সুরাইয়া চিকিৎসাধীন রয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170910