গোপনে বিয়ে করলেন ডুয়া লিপা ও ক্যালাম টার্নার
দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন গ্র্যামিজয়ী ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। গত ৩১ মে লন্ডনের ঐতিহ্যবাহী ওল্ড মেরিলেবোন টাউন হলে অত্যন্ত ঘরোয়া আয়োজনে তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
জানা গেছে, অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। তবে লন্ডনের এই আয়োজন ছিল কেবল আনুষ্ঠানিক সিভিল ম্যারেজ। চলতি সপ্তাহের শেষ দিকে ইতালির সিসিলিতে তাঁদের রাজকীয় বিয়ের উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিন দিনব্যাপী সেই আয়োজনটিতে সংগীত, চলচ্চিত্র ও ফ্যাশন জগতের বেশ কয়েকজন তারকা অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন এলটন জন, চার্লি এক্সসিএক্স ও ডোনাটেলা ভার্সাচের মতো খ্যাতিমান ব্যক্তিত্ব।
২০২৪ সালের শুরুতে ‘মাস্টার্স অব দ্য এয়ার’ সিরিজের একটি পার্টিতে প্রথম তাঁদের সম্পর্কের খবর সামনে আসে। এরপর লন্ডন ও লস অ্যাঞ্জেলেসে একাধিকবার একসঙ্গে দেখা যায় এই জুটিকে। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়।
মজার বিষয় হলো, প্রথম পরিচয়ের সময় দুজনেই হেরনান দিয়াজের আলোচিত উপন্যাস ট্রাস্ট পড়ছিলেন। একই বইয়ের প্রতি আগ্রহ থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা যায়।
কিছুদিন আগে ডুয়ার হাতে হীরার আংটি দেখা যাওয়ার পর বাগদানের গুঞ্জন শুরু হয়েছিল। পরে এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন যে, খুব শিগগিরই তাঁরা বিয়ের পরিকল্পনা করছেন।
নিউ রুলস’, ‘লেভিটেটিং’ ও ‘ডোন্ট স্টার্ট নাও’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন ডুয়া লিপা। অন্যদিকে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন ক্যালাম টার্নার। তাঁদের এই নতুন জীবনের শুরুতে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন দুজনেই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170892