বগুড়ার গাবতলীতে এক ব্যক্তির হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলায় রাকিব (৩২) নামে এক ব্যক্তির হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান পশ্চিমপাড়া এলাকায় তার শ্বশুরবাড়িতে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, নিহত রাকিব সোনাতলা উপজেলার দিগদার ইউনিয়নের কর্পুর গ্রামের ছায়দার আলীর ছেলে। স্থানীয়রা সকালে জাম্বুরা গাছে রাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে রাকিবের মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
এ বিষয়ে মডেল থানার ওসি রাকিব হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170819