বগুড়ার শেরপুরে গাছ থেকে পড়ে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুরে গাছ থেকে পড়ে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাজমুল হাসান (১৭) নামের এক দাখিল পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (৩১ মে) সকাল ৯টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকার প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল জামনগর মধ্যপাড়া গ্রামের মানসিক প্রতিবন্ধী ইদ্রিস আলীর ছেলে। সে চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে মূল সড়কের পাশে থাকা একটি জাম গাছ থেকে জাম পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত হাত ফসকে সে নিচে থাকা পাকা রাস্তার ওপর পড়ে যায়। এ সময় মাথায় সজোরে আঘাত লাগায় ঘটনাস্থলেই মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে পথচারী ও প্রতিবেশীরা তাকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে শেরপুর শহরের করতোয়া ক্লিনিকে নিয়ে যান।

তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাজমুলকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসকদের ধারণা, মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানান, নাজমুলের বাবা ইদ্রিস আলী একজন মানসিক প্রতিবন্ধী। তিনি নিজে চলাফেরা বা কোনো কাজকর্ম করতে পারেন না। কিশোর বয়সেই নাজমুল পড়াশোনার পাশাপাশি কঠোর পরিশ্রম করে সংসারের হাল ধরেছিল। তার উপার্জনেই চলতো প্রতিবন্ধী বাবা ও মায়ের ভরণ পোষণসহ সংসারের যাবতীয় খরচ।

এ বিষয়ে স্থানীয় বিএনপি ওয়ার্ড সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম,  একমাত্র সন্তান ও সংসারের মূল উপার্জনের সম্বলকে হারিয়ে নাজমুলের মা-বাবা এখন প্রায় পাগলপ্রায়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170800