কোরবানী বঞ্চিতদের মুখে হাসি ফোটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কোরবানী বঞ্চিতদের মুখে হাসি ফোটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:  পবিত্র ঈদুল আজহা শুধু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, ত্যাগ, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য শিক্ষা। এবার বগুড়া-২ আসনে কোরবানীর মাংস বঞ্চিত হাজারো অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার উদ্যোগে ঈদের দিন ও ঈদের পরের দিন কোরবানী থেকে বঞ্চিত প্রায় ৬ সহস্রাধিক মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে অসহায় পরিবারের কাছে পৌঁছে যায় ঈদের আনন্দ।

জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন শুক্রবার উপজেলার আটমুল ইউনিয়নের ১২ গ্রাম এবং শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া এলাকার ১০ টি গ্রামে দরিদ্র ও অসহায় সহস্রাধিক পরিবারের মাঝে এবং ঈদের দিন উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় কোরবানীর মাংস। প্রতিমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কোরবানির পশুগুলো প্রদান করেছে আল খাইর ফাউন্ডেশন, আল মানাহিল ফাউন্ডেশন, ইসলামিক রিলিফ সেন্টার এবং বাংলাদেশ এডুকেশন ও টেকনোলজি সোসাইটি। তাদের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচি এলাকার অসহায় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয়রা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগ অনেক পরিবারের জন্য স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে। তারা এমন মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। মাংস বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর ছেলে রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান প্রমুখ। অপর দিকে গুজিয়া পউস ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার গুজিয়া হাই স্কুল মাঠে ৩শ৫০ পরিবারের মাঝে ২ কেজি করে মাংশ বিতরন করা হয়।

ইসলামিক রিলিফ সেন্টারের সহযোগিতায় এ মাংস বিতরণ করেন পউসের নির্বাহী পরিচালক বুলুমিয়া । এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ সেন্টারের জিয়াউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মন্ডল,পউসের আব্দুল মমিন মুন্নু প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170799