দুই সংসারের সন্তানদের সঙ্গে জেমসের ঈদ উদযাপন
ব্যান্ডসংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস সাধারণত আলোচনায় থাকেন তার গান, মঞ্চ পরিবেশনা কিংবা আলোকচিত্রের জন্য। ব্যক্তিজীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে আসেন তিনি। তাই একজন বাবা ও স্বামী হিসেবে জেমসকে দেখার আগ্রহ ভক্তদের বরাবরই রয়েছে। সেই আগ্রহ যেন নতুন করে উসকে দিলেন তার প্রাক্তন স্ত্রী রথি কানিজ।
ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন রথি। ছবিগুলোতে দেখা গেছে, জেমসের দুই সংসারের সন্তানরা একসঙ্গে সময় কাটাচ্ছেন বাবার সঙ্গে।
একটি ছবিতে জেমসকে দেখা যায় তার কন্যা জান্নাত ও ছোট ছেলে জিবরানের সঙ্গে। বাবা ও বড় বোনের পাশে হাস্যোজ্জ্বল জিবরানকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
আরেকটি ছবিতে জান্নাত ও জিবরানের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন জেমস এবং তার বর্তমান স্ত্রী নামিয়া। একই ছবিতে বাবা, স্বামী ও পরিবারের অভিভাবক হিসেবে প্রিয় শিল্পীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা।
এ ছাড়া বড় মেয়ে জান্নাতকে নিয়ে জেমসের একটি আলাদা ছবিও শেয়ার করেন রথি। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।
ঘরোয়া আবহের এই মুহূর্তগুলো ভক্তদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এই সংসারে তাদের কন্যা জান্নাত ও পুত্র দানেশ রয়েছেন।
গত বছরের ২৫ অক্টোবর জেমসের তৃতীয় বিয়ে এবং নতুন করে বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময় জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর জানান, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টের সময় নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। পরিচয় থেকে ঘনিষ্ঠতা, আর সেই সম্পর্কই পরিণতি পায় বিয়েতে।
আমেরিকা সফর শেষে জেমস দেশে ফিরে এলেও যোগাযোগ অব্যাহত থাকে। পরে ২০২৪ সালের ১২ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া। বর্তমানে তাদের ঘর আলোকিত করেছে পুত্রসন্তান জিবরান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170785