ঢাকা সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে অন্যবাসের ধাক্কা, চালক-হেলপার নিহত

ঢাকা সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে অন্যবাসের ধাক্কা, চালক-হেলপার নিহত

ঢাকা সিলেট মহাসড়কে জেলার ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসকে ঢাকাগামী অপর একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক এবং হেলপার দুজনেই নিহত হয়েছেন।

আজ রোববার (৩১ মে) সকালে উপজেলার তাজপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, যাত্রীবাহী ‘যাতায়াত’ পরিবহনের বাস চালক সোহেল (৩০) ও হেলপার ইমন (২০)। চালক সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ‘যাতায়াত’পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২) সকালে সড়কের পাশে মেরামতের জন্য সিলেটমুখী অবস্থায় দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের দ্রুতগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৪১) পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে গাড়ি দু’টি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাতায়াত বাসের চালক সোহেল ও হেলপার ইমন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170761