নৌপথের উন্নয়ন হলেই জনগণের ভোগান্তি কমবে: প্রতিমন্ত্রী
নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিকায়ন এবং নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল ও নাব্য রাখা গেলে দেশের নৌপরিবহনের পুরোনো ঐতিহ্য ফিরে আসবে। এর সুফল ভোগ করবে সাধারণ জনগণ।
আজ রোববার (৩১ মে) দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিকায়ন করতে পারি এবং ড্রেজিংয়ের মাধ্যমে নদীপথগুলো সচল রাখতে পারি, তাহলে নৌপথ আবারও মানুষের আস্থার বাহনে পরিণত হবে।
শতবর্ষী স্টিমারগুলোর বিষয়ে তিনি বলেন, পুরোনো স্টিমারগুলো বারবার মেরামত করা হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করতে নৌ মন্ত্রণালয় কাজ করে যাবে। নৌপথকে আবারও জনগণের আস্থার বাহন হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য প্রকৌশল রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. কামরুজ্জামানসহ স্থানীয় বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।