দিল্লিতে বহুতল ভবন ধসে নিহত অন্তত ৯
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা জানতে চলছে উদ্ধার অভিযান।
শনিবার (৩০ মে) ধসে পড়া পাঁচতলা আবাসিক ভবনটি দিল্লির মেহরৌলি এলাকায় অবস্থিত। দুর্ঘটনার পর মুহূর্তেই পুরো এলাকা ধুলায় ঢেকে যায়। দ্রুত উদ্ধার অভিযান শুরু হলেও ধ্বংসস্তূপে আটকে পড়া সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরোনো পাঁচতলা ভবনটি আচমকাই ধসে পড়ে। ধসে পড়া ভবনের একটি অংশ পাশের আরেকটি স্থাপনার ওপর গিয়ে পড়ে। সেখানে মেডিকেল শিক্ষার্থীদের খাবারঘর ছিল। ফলে সেখানে থাকা কয়েকজনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে মেহরৌলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বিভাগ ও দিল্লি পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও ভবন ধসের ভয়াবহতা দ্রুত স্পষ্ট হয়ে ওঠে।
প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন। এ কারণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170736