রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

নিহতের ছেলে রিপন অভিযোগ করে বলেন, নিজেদের জমিতে তারা মাটি কাটছিলেন।

এসময় প্রতিবেশী আবদুল বারেক ওই জমি নিজের দাবি করে মাটি কাটতে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার বাবা জমির কাগজপত্র নিয়ে বসে বিষয়টি সমাধানের প্রস্তাব দেন।
এতে ক্ষিপ্ত হয়ে আবদুল বারেক তাকে গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তার বাবা হানিফ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।
পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170734