লেবাননের বোফোর্ট দুর্গ দখলে নিলো ইসরাইল

লেবাননের বোফোর্ট দুর্গ দখলে নিলো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননের একটি কৌশলগত পাহাড় দখল করেছে ইসরাইলি সেনারা। এই পাহাড়ের চূড়ায় রয়েছে বোফোর্ট দুর্গ। ১৯৮২ সালে ইসরাইলের আগ্রাসনের পর থেকে বেশ কয়েকটি বড় সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিল এই দুর্গ।

রোববার ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে গভীর অনুপ্রবেশ করেছে তারা। ইসরাইলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের তথ্যমতে, বোফোর্ট দুর্গ এবং এর পার্শ্ববর্তী সালুকি নদী এলাকার ওপর নিয়ন্ত্রণ সুসংহত করার দিকে মনোযোগ দিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বোফোর্ট দুর্গটি দখলের আগে দুর্গম এলাকাটির নিকটবর্তী গ্রামগুলোতে কয়েক দিন ধরে তীব্র লড়াই ও বিমান হামলা চালায় আগ্রাসনকারীরা। সেখানে ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ সদস্যদের তীব্র লড়াই হয়। প্রতিবেদনে বলা হয়, স্থল ও আকাশ থেকে ভারী গোলাবর্ষণ এবং সংঘর্ষের পর এই স্থানগুলোর নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়েছে। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই তেলআবিব ও বৈরুত যুদ্ধে লিপ্ত রয়েছে। সূত্র : মিডল ইস্ট আই/গালফ নিউজ

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170729