রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ৩ বছরের জন্য চুক্তি সম্পন্ন করেছেন স্পেশাল ওয়ান খ্যাত হোসে মরিনহো। তবে এখনই তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছে না ক্লাবটি। ৭ জুন রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনের পর মরিনহোকে জনসম্মুখে আনার পরিকল্পনা রিয়ালের।

অনেকদিন ধরেই আলোচনা-গুঞ্জন সবই ছিলো রিয়াল মাদ্রিদে ফের যোগ দিচ্ছেন স্পেশাল ওয়ানখ্যাত ম্যানেজার হোসে মরিনহো। এবার তা সত্য হতে চলেছে। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, তিন বছরের জন্য রিয়ালের সাথে চুক্তি সেরেছেন তিনি।

 

তবে এখনই রিয়ালের কোচ হিসেবে স্পেশাল ওয়ানকে পরিচয় করিয়ে দিচ্ছে না কর্তৃপক্ষ। কারণ ৭ জুন হবে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্সিয়াল ইলেকশন। তারপরেই মরিনহোকে রিয়ালের নতুন ম্যানেজার হিসেবে পরিচয় করিয়ে দেবে সংশ্লিষ্টরা। এদিকে প্রায় ২০ বছর পর ফ্লোরেন্তিনো প্যারেজের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন স্পেনের ব্যবসায়ী এনরিক রিকুয়েলমে।

এর আগে, ২০১০ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন হোসে মরিনহো। তিন বছর দায়িত্ব পালন করে লস ব্লাঙ্কোসদের এনে দিয়েছেন বেশকয়েকটি সাফল্য। লা লিগা, কোপা দেলরে এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলে মরিনহো ফের পাড়ি জমান ইংল্যান্ডে।

 

নতুন করে চেলসির দায়িত্ব নিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতান মরিনহো। এরপর ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, রোমা, ফেনেরবাচে হয়ে বেনফিকা সবজায়গাতেই উল্লেখযোগ্য অবদান রেখেছেন হোসে মরিনহো।

 

ক্যারিয়ারে অসংখ্য অর্জন রয়েছে পর্তুগিজ এ কোচের। চারবার জিতেছেন ওয়ার্ল্ড বেস্ট ক্লাব কোচের অ্যাওয়ার্ড। আছে দু’টি চ্যাম্পিয়নস লিগ জয়ের তকমা। ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন তিনবার। লা লিগা কিংবা ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ যেখানেই গিয়েছেন জয় করেছেন।

গেলো মৌসুমটিতে একটি শিরোপাও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ, যা লস ব্লাঙ্কোসদের নামের সঙ্গে মানানসই নয়। শিরোপা জয়ের ধারাবাহিকতা ফেরাতেই এবার স্পেশাল ওয়ানকে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170699