দেশ গঠনে নাগরিকদেরকে পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ গঠনে নাগরিকদেরকে পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (৩০ মে) মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরের মানুষ যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন ও সহযোগিতা করে, তবেই শহীদ রাষ্ট্রপতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হবে।

আজকের কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা প্রত্যেকে আমাদের সমাজে তাকে বিভিন্নভাবে সাহায্য করব। একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী বা শাহাদাতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আসুন, আমরা আজকে সেই কাজটিই করি। আমরা প্রত্যেকে যার যার স্ব-স্ব অবস্থান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে স্ব-স্ব অবস্থান থেকে সহযোগিতা করব, তাদেরকে আমরা সাহায্য করব একজন নাগরিক হিসেবে।

জনসাধারণের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে দেওয়া তার এই বক্তব্য বেশি দীর্ঘ করেননি। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকে আর কথা বাড়াবো না, কারণ আমরা রাস্তার উপরেই অনুষ্ঠানটি করছি, মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।

তবে দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব দ্রুতই বসার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ সাংগঠনিক নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা আপনারা যারা আছেন, সাংগঠনিক বিষয়ে আমরা দ্রুতই আরেকদিন বসব। সেদিন আমরা বসে আলোচনা করে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেগুলো পরিকল্পনা করব।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170672