চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তকে শেষ শ্রদ্ধা

চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তকে শেষ শ্রদ্ধা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত এই নির্মাতা গত বুধবার দুপুরে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যান।

শুক্রবার (২৯ মে) তার মরদেহ নেওয়া হয় কলকাতার নন্দন চত্বরে, যেখানে চলচ্চিত্র জগতের সহকর্মী, শিল্পী ও অনুরাগীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান এই নির্মাতাকে।

বৃহস্পতিবার তার মরদেহ রাখা হয় ‘পিস ওয়ার্ল্ড’-এ। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মেয়ের বিদেশ থেকে ফেরার পরই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল।


নন্দনের প্রবেশদ্বারে অনীক দত্তের বড় একটি প্রতিকৃতি ফুলে সাজিয়ে রাখা হয়। সেই ছবির সামনেই পৌঁছে দেওয়া হয় তার মরদেহবাহী গাড়ি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, গরম আবহাওয়ার কারণে মরদেহ গাড়ি থেকে নামানো হয়নি।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ফুল ও মালা দিয়ে প্রতিকৃতির সামনেই শেষ শ্রদ্ধা জানান। পুরো পরিবেশ ছিল নীরব, আবেগঘন ও ভারাক্রান্ত।

শেষ বিদায়ের এই মুহূর্তে উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জি, অঞ্জনা বসু, সৃজিত মুখার্জি, প্রযোজক ফিরদৌস হাসান, পাপিয়া অধিকারীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেক পরিচিত মুখ।

পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন অভিনেতা ও সংসদ সদস্য রুদ্রনীল ঘোষ, যিনি শুরু থেকেই শেষকৃত্য-সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থাপনায় সমন্বয় করেন। চলচ্চিত্রপ্রেমীদের মতে, অনীক দত্তের বিদায় শুধু একজন নির্মাতার মৃত্যু নয়- এটি বাংলা চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170629