ঈদের দ্বিতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ঈদের দ্বিতীয় দিন আজ শুক্রবার (২৯ মে) সকাল থেকেই পরিবার-পরিজন ও স্বজনদের নিয়ে রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা-এ ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবমুখর পরিবেশে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো চিড়িয়াখানা এলাকা।
সকাল ১০টার পর থেকেই দর্শনার্থীদের প্রবেশ বাড়তে থাকে। টিকিট সংগ্রহ শেষে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ একে একে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করেন। বিভিন্ন পশুপাখির খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ প্রাণীদের দেখায় ব্যস্ত, আবার কেউ পরিবার নিয়ে গাছের নিচে বসে অবসর সময় কাটাচ্ছিলেন।
বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। কোরবানির পশু হিসেবে আলোচনায় আসা এই মহিষটির বর্তমান ঠিকানা এখন জাতীয় চিড়িয়াখানা। তার খাঁচার সামনে দিনভর দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
উত্তরার দিয়াবাড়ি থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা মিজান নামের এক দর্শনার্থী বলেন, এবার ঈদে গ্রামে না যাওয়ায় সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন। অন্যদিকে খিলক্ষেত থেকে আসা নেহাল হোসেন জানান, সন্তানদের বিনোদনের পাশাপাশি শেখার সুযোগ করে দিতেই তিনি নিয়মিত বিভিন্ন জাদুঘর ও চিড়িয়াখানায় নিয়ে আসেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটিতে প্রতি বছরই দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়। মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, বিকেলের দিকে দর্শনার্থীর চাপ আরও বাড়তে পারে। আজ সারাদিনে লক্ষাধিক মানুষের আগমন ঘটতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।