বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা: দুই-তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা: দুই-তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হতে না হতেই সেলেসাও শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ। বুধবার দলের প্রথম অনুশীলন সেশন মিস করার পর থেকেই নেইমারের চোট নিয়ে আলোচনা চলছিল। এবার এলো আরও বড় ধাক্কা—ডান পায়ের পেশির চোটের কারণে আগামী দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তারকা ফরোয়ার্ড নেইমারকে। ফলে ১৬ দিন পর মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ ম্যাচটিতে এই মহাতারকার খেলা হচ্ছে না নিশ্চিতভাবেই।

​৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের চোটের বিষয়টি অবশ্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির অজানা ছিল না। গত ১৭ মে সান্তোসের হয়ে কুরিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের কাফ মাসলে (পেছনের পেশি) চোট পেয়েছিলেন তিনি। তবে শুরুতে এটিকে সাধারণ চোট বলেই মনে করা হয়েছিল। সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছিল, চোটটি গুরুতর নয়।

এমনকি ক্লাবের চিকিৎসক রোদ্রিগো জোগাইব গত সপ্তাহে ‘গ্লোবো’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন,​"নেইমারের পায়ে সামান্য ফোলা ভাব আছে, তবে এক সপ্তাহের মধ্যে তার ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়া চলছে।"

​এমআরআই রিপোর্টে ধরা পড়লো 'গ্রেড-টু' ইনজুরি: ব্রাজিলের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার পর চিত্রটি পুরোপুরি বদলে যায়। প্রথম দিনের ট্রেনিং সেশন মিস করার পর নেইমারকে তেরেসোপলিসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্রাজিলের জাতীয় দলের চিকিৎসক রোদ্রিগো লাসমার নেইমারের চোটের বর্তমান অবস্থা পরিষ্কার করেন।

​গ্রাঞ্জা কোমারিতে সংবাদমাধ্যমকে ডা. লাসমার বলেন, ক্যাম্পে আসার পর তার একটি পূর্ণাঙ্গ ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এমআরআই স্ক্যানে ধরা পড়েছে যে, পেশির পেছনে শুধু ফোলা ভাবই নেই, এটি মূলত একটি 'গ্রেড-টু কাফ ইনজুরি'। তবে আমরা আশাবাদী, সঠিক পুনর্বাসনের মাধ্যমে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।"

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দলের সবচেয়ে অভিজ্ঞ ও প্রধান তারকার এমন চোট কোচ কার্লো আনচেলত্তির রণপরিকল্পনায় বড় ধরণের ধাক্কা দিল। এখন দেখার বিষয়, নেইমারের অনুপস্থিতিতে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে আক্রমণভাগকে কীভাবে সাজান সেলেসাও বস।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170605