গলাচিপায় বাইক-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু

গলাচিপায় বাইক-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গলাচিপা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের শ্যামলী বাগ এলাকার জিলাম হাওলাদারের ছেলে তামিম হাওলাদার এবং একই এলাকার মো. আবু মিয়ার ছেলে মো. ফয়সাল। তামিম গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো। অপরদিকে ফয়সাল টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলো।

স্থানীয়রা জানান, তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে কালিকাপুর থেকে গলাচিপার দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি প্রায় ৮০ কিলোমিটার গতিতে চলছিলো। পথে একটি অটোরিকশা রাস্তা পার হয়ে বিপরীত পাশের একটি গলিতে ঢোকার চেষ্টা করছিলো। গতি বেশি থাকার কারণে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি ছিটকে গিয়ে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আবারও ধাক্কা লাগে। এতে তামিম মাথায় ও মুখে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী ফয়সালকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বরিশাল নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

এদিকে এই দুর্ঘটনায় অটোরিকশাচালক সোহাগ হাওলাদার এবং অটোরিকশার যাত্রী ফরিদ হাওলাদার গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170575