ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, থাকতে পারে গরমের অস্বস্তি
ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি, ফলে রাজধানীবাসীকে ভ্যাপসা গরমে বাড়তি অস্বস্তি পোহাতে হতে পারে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170512