ঢাকায় শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বগুড়ার সারিয়াকান্দিতে বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকায় শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বগুড়ার সারিয়াকান্দিতে বিক্ষোভ ও মানববন্ধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ ঢাকায় সুজন মিয়া (৩০) নামের একজন শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বগুড়া সারিয়াকান্দিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলার নারচী ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল নারচী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পরে নারচী বাজারের সড়কে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন, নারচী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুলু, সদস্য সুজন মিয়া সহ একাধিক বিক্ষুব্ধ এলাকাবাসী।

মানববন্ধন থেকে জানা গেছে, উপজেলার নারচী ইউনিয়নের চর হরিণা পূর্ব পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুজন মিয়া গত কয়েকবছর ধরেই ঢাকা সাভারের হেমায়েতপুর ব্যাবিলন গ্রুপ অবণী ফ্যাশন লিঃ নামক একটি পোশাক কারখানায় চাকুরী করতেন। গত রবিবার দুপুরে পোশাক কারখানায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে তারা লাশটি উদ্ধার করে সাভার থানায় নিয়ে যায়। এরপর লাশটির ময়নাতদন্তের পর সোমবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর নিহতের পরিবার তাকে তার গ্রামের বাড়িতে দাফন করে।

পরিবারের দাবি সুজন মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। মানববন্ধনে এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত বিচার কামনা করেছেন। মানববন্ধনে নিহতের বড় ভাই জিল্লুর রহমান বলেন, আমার ভাই বিবাহিত। তার ২ টি ছেলে রয়েছে, বড় ছেলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। সকাল ৮ টার দিকে আমার ভাই স্বাভাবিক ভাবেই কারখানার কাজে গিয়েছিল। কিন্তু দুপুরের আগে কিভাবে সে কারখানার ভেতরে আত্মহত্যা করে, এটা আমরা মেনে নিতে পারছি না।

সুজনের লাশ যে কক্ষে পাওয়া গেছে, সেই ঘরের চেয়ারগুলো একেবারেই সাজানো গোছানো ছিল। আমি কারখানার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে অতি দ্রুত আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এর আগে কারখানার জি এম সাহেবের সাথে তার কথার কাটাকাটি এবং মারামারি হয়েছিল।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, মানববন্ধনের বিষয়টি আমি অবগত হয়েছি। যেহেতু এটি ঢাকার ঘটনা, তাই এর আইনগত ব্যবস্থা ঢাকার সংশ্লিষ্ট থানা থেকেই নেয়া হবে।

এ বিষয়ে ভিক্টিমের পরিবারের সাথে কথা হয়েছে। তাদের প্রয়োজনীয় আইনানুগ সহায়তা প্রদান করা হবে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170489