আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল।
বুধবার (২৭ মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মগবাজারের ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয়টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে। দেশে হামের সংক্রমণ বৃদ্ধির পেছনেও তিনি সেই সময়ের অব্যবস্থাপনাকে দায়ি করেন।
এর আগে সকালে মন্ত্রী পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170483