খুলনায় গাড়ী উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩
খুলনার কয়রা উপজেলায় গরু বোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) বিকালে বাগালি ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত মিজানুর উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা সামছুর রহমানের ছেলে।
কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপরে মিজানুর রহমান বাগালী ইউনিয়নের জেআইবি ক্লাব মাঠে গরু নিয়ে যাওয়ার সময় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গরুবাহী নছিমন উল্টে যায়। তখন তিনি নছিমনের নিচে চাপা পড়েন।
এসময় সাথে থাকা তার ছেলে আব্দুল্লাহ (৭), একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহতরা স্থানীয় জায়গীর মহল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।