সীতাকুণ্ডে কোরবানির বাজারে বাড়ছে দুম্বার চাহিদা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে মরু অঞ্চলের প্রাণী দুম্বার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ গরু ও ছাগলের পাশাপাশি শৌখিন ক্রেতাদের নজর কাড়ছে বিদেশি জাতের এই পশু। উপজেলার বাড়বকুণ্ড ও ভাটিয়ারী এলাকার বিভিন্ন খামারে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতারা।
অনেকে শখের বশে দুম্বা দেখতে আসছেন এবং পছন্দের পশুটি আগাম বুকিং দিয়ে রাখছেন। বাড়বকুণ্ডের রূপালী এগ্রো লিমিটেডে গিয়ে দেখা যায় সেখানে বড় আকৃতির বেশ কিছু দুম্বা পালন করা হচ্ছে। দেখতে ভেড়ার মতো হলেও বিশাল দেহ ও চর্বিযুক্ত লেজের কারণে এগুলো সহজেই নজর কাড়ছে।
এই খামারের প্রায় দুই মণ ওজনের একটি দুম্বার দাম হাঁকা হয়েছে সাড়ে তিন লাখ টাকা। খামার কর্তৃপক্ষ জানায় ২০২৪ সালের নভেম্বরে মেহেরপুর থেকে ছয়টি টার্কি জাতের দুম্বা এনে তারা পালন শুরু করেন। বর্তমানে প্রজননের মাধ্যমে খামারে দুম্বার সংখ্যা দাঁড়িয়েছে নয়টিতে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170402