কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করার চেষ্টা করেছেন পরিবহন শ্রমিকরা। তবে পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ডে এলাকায় অবরোধ করার চেষ্টা করেন শ্রমিকরা।
পুলিশ জানায়, মতলব-গৌরিপুর সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করার চেষ্টা করেন পরিবহন শ্রমিকরা। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর অবরোধের চেষ্টাকারী শ্রমিকরা মহাসড়ক ত্যাগ করেন।
এদিকে প্রায় ১০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করায় মহাসড়কে ১০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ফলে গৌরিপুর এলাকায় যানজট সৃষ্টি হয়। পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ঈদে হাজার হাজার মানুষ ঘরে ফিরছে, এই মুহূর্তে এসে মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার মানে হয় না। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। মহাসড়কে কোনো যানজট নেই। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170388