মালদ্বীপের জালে ১১ গোল ভারতের
একটা সময় সাফে রাজত্ব ছিল ভারতের। নারী সাফে গত দুবার সেই জায়গাটা দখলে নিয়েছে বাংলাদেশ। শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার মিশনে ভারত এবার খেলছে ঘরের মাঠে। প্রথম ম্যাচেই তার প্রমাণ দিল দলটি। জানান দিল, কতটা ক্ষুধার্ত তারা।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপ নারী ফুটবল দলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত নারী ফুটবল দল। গোয়ার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়ে ভারত জিতেছে ১১-০ গোলের বিশাল ব্যবধানে।
ফিফা র্যাংকিংয়ে মালদ্বীপের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। সাফের স্বাগতিকরা যেখানে ৬৯তম, মালদ্বীপের অবস্থান ১৬৭। মাঠের খেলায় স্পষ্ট হয়েছে ব্যবধান। শুরু থেকে আক্রমণাত্মক ভারত গোল উৎসবের শুরুটা করেন প্রিয়াঙ্কা দেবী। ১০ মিনিটেই এগিয়ে যায় দলটি।
১৭তম মিনিটে ফের স্কোরশিটে নাম লেখান প্রিয়াঙ্কা। প্রথমার্ধে গোল হয় আরও তিনটি। ৫-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত।
বিরতির পর যেন গোলের ক্ষুধা আরও বাড়ে ভারতীয় নারীদের। ৫২ মিনিটে বদলি খেলোয়াড় কারিশমা গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০। প্রথমার্ধে এক গোল করা আভেকা সিং দ্বিতীয়ার্ধে আরও তিনবার নেপালের জালে বল জড়ান। হ্যাটট্রিকসহ চার গোল করেন ২২ বছর বয়সী এই তরুণী।
আভেকার চার, প্রিয়াঙ্কা ও কারিশমার জোড়া গোলসহ ম্যাচে গোল করেন ভারতের ছয়জন ফুটবলার। তাতে ১১-০ গোলের বিশাল জয় পায় ভারত।
সাফের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে বিকেলে ‘এ’ গ্রুপে দুদল নেপাল ও ভুটান মুখোমুখি হয়েছিল। পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামেই ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে নেপাল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170372