ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার থেমে থেমে যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে অন্তত ২৩ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার (২৫ মে) রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার রাবনা পর্যন্ত থেমে থেমে এ যানজট সৃষ্টি হয়।
এতে ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেশি হচ্ছে।
গাজীপুরের মৌচাক থেকে পাবনাগামী যাত্রী বলেন, ভোর রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার পথ আসতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসে আটকে আছি।
নারী যাত্রী নিলুফা বেগম বলেন, আমি পাবনা যাব। টাঙ্গাইলের ঘারিন্দা এলাকা পার হওয়ার পর থেকেই থেমে থেমে যানজট। একটু এগোয়, আবার আটকে যায়। এতে খুব ভোগান্তি পোহাতে হচ্ছে।
মনোয়ার মিয়া নামে আরেক যাত্রী বলেন, কোনো বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিন গুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। এখানেও যানজটে কষ্ট হচ্ছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে কিছুটা জটলা তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে।