বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ ৫ জন নিহত
করতোয়া ডেস্ক : বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। শাজাহানপুর, কাহালু ও শেরপুর উপজেলার সড়কে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আমাদের শাজাহানপুর প্রতিনিধি জানান, শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শিশুটির মা পুষ্পা আকতার। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বনানী গোল চত্বরের কয়েক গজ পশ্চিমে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পাবনার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের আরশেদ আলী মন্ডলের ছেলে আনিসুর রহমান (৩০) এবং তার চার বছর বয়সী শিশুকন্যা আয়েশা।
দুর্ঘটনায় আনিসুর রহমানের স্ত্রী পুষ্পা আকতার (২৫) গুরুতর আহত হন। জানা গেছে, আনিসুর রহমান রংপুরে ব্র্যাক অফিসে কর্মরত। তিনি ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বনানী গোল চত্বরের কাছাকাছি পৌঁছালে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আনিসুর ও তার শিশুকন্যা আয়েশা মারা যান। সংবাদ পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস, কৈগাড়ী পুলিশ ফাঁড়ি এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জনান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত পুস্পা আকতারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহালু প্রতিনিধি জানান, উপজেলায় যাত্রীবাহী একটি চলন্ত কোচের চাপায় জেমি আক্তার (৪৫) ও তার কলেজপড়ুয়া মেয়ে তাইফা আয়েশা তনু (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল ৪টার দিকে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজিপাড়া বাসস্ট্যান্ডের পশ্চিমে। নিহত জেমি আক্তার উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী।
জানা গেছে, গতকাল জেমি আক্তার এবং তার মেয়ে তনু পাশ্ববর্তী শেকাহার বাসস্ট্যান্ড এলাকায় ডাক্তরের কাছে চিকিৎসা নিয়ে চার্জারভ্যানযোগে নিজ বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছামাত্রই ঢাকা থেকে রাজশাহীগামী এভারগ্রীন নামের একটি যাত্রীবাহী কোচ (ঢাকা মেট্রো-ব ১২-৪৭১২) ভ্যানটিকে চাপা দিলে ভ্যানে থাকা মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশের খাদে পড়ে যায় এসময় চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
নিহত তাইফা আয়েশা তনু বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় একই গ্রামের চার্জার ভ্যানের চালক শাওন (১৮) গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদের শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় বিল্লাল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার খাদাশ গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার শাজাহানপুর থেকে শেরপুর উপজেলার কেল্লাপুশি মেলায় গিয়েছিলেন বিল্লাল।
মেলা শেষে রাতের বেলায় একটি ভ্যানযোগে দুবলাগাড়ী এলাকায় নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ রইচ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপটি আটক করা সম্ভব হয়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170352