চীনা প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বৈঠক
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরিফ। এর আগে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও আলোচনা করেন।
পাকিস্তানের শীর্ষ আলোচক ও সেনাপ্রধান আসিম মুনিরকে সঙ্গে নিয়ে চীন সফরে পৌঁছান শাহবাজ শরিফ। এমন সময়ে এ সফর হচ্ছে, যখন ইরানকে ঘিরে চলমান সংকট নিরসনে পাকিস্তান, কাতার, সৌদি আরব ও অন্যান্য দেশ মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
যদিও বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বিশ্লেষকদের ধারণা, আঞ্চলিক নিরাপত্তা, ইরান সংকট এবং চলমান কূটনৈতিক উদ্যোগ আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ফলে বেইজিংয়ে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠককে আঞ্চলিক কূটনীতির দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।