আর্জেন্টিনা দলে ফের দুঃসংবাদ!

আর্জেন্টিনা দলে ফের দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নতুন দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনাকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন আকুনা। তবে ম্যাচ চলাকালে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করলে তাকে বদলি করে মাঠের বাইরে নেওয়া হয়।

জানা গেছে, একই হ্যামস্ট্রিংয়ে আগেও ফিটনেস সমস্যায় ভুগেছিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ফলে বিশ্বকাপের আগে তার চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আর্জেন্টিনা শিবিরে।

এরই মধ্যে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির স্কোয়াড ঘোষণার সময়ও ঘনিয়ে এসেছে। বৃহস্পতিবার কিংবা শুক্রবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে তার।

আকুনার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ডিফেন্সে চোটের তালিকা দীর্ঘ হওয়ায় পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছেই।

এদিকে চোটে ভুগছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, গঞ্জালো মন্তিয়েল ও লিওনেল মেসিও। যদিও এখন পর্যন্ত তাদের কেউই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েননি।

যদিও জানা গেছে, ক্লান্তির কারণে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। পরে জানা যায়, সেটি ছিল সতর্কতামূলক সিদ্ধান্ত। অন্যদিকে গোলরক্ষক মার্তিনেজ আঙুলের চোটে ভুগছেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170258