বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও শিশু কন্যা নিহত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী বাবা ও শিশুকন্যা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির মা পুষ্পা আকতার। আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বনানী গোলচত্বরের কয়েকগজ পশ্চিমে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা জেলার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের আরশেদ আলী মন্ডলের ছেলে আনিসুর রহমান (৩০) এবং তার ৪ বছর বয়সী শিশুকন্যা আয়েশা। দুর্ঘটনায় আনিসুর রহমানের স্ত্রী পুষ্পা আকতার (২৫) গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, আনিসুর রহমান রংপুরে ব্র্যাক অফিসে কর্মরত। তিনি ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বনানী গোলচত্বরের কাছাকাছি স্থানে পৌঁছিলে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় মোটর সাইকেল থেকে তারা ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আনিসুর ও তার শিশুকন্যা আয়েশা মারা যান। সংবাদ পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস, কৈগাড়ী পুলিশ ফাঁড়ি এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জনান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত পুস্পা আকতারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রস্তুতি চলমান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170222