বগুড়া সিটি কর্পোরেশনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্টাফ রিপোর্টার: বগুড়াকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা এবং নগর পরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে মাটিডালী থেকে বনানী পর্যন্ত এসি বাস সার্ভিস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এছাড়াও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ–-বগুড়া রেললাইন নির্মাণ এবং একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। আজ রোববার (২৪ মে) দুপুর ১২টায় বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের নাগরিকদের দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা এখন সময়ের দাবি। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
উচ্ছেদ হওয়া হকারদের জন্য পরিকল্পিত ও গ্রহণযোগ্য পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সভায় প্রতিমন্ত্রী বগুড়ার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে একাধিক বড় প্রকল্পের কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) প্রতিষ্ঠা এবং নগর নিরাপত্তা জোরদারে মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠন। এসব প্রতিষ্ঠান গড়ে উঠলে শহরের সেবাখাত আরও গতিশীল ও আধুনিক হবে বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও জানান, এসব উন্নয়ন প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং এগুলো দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তিনি বলেন, পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে বগুড়াকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করা হবে। তিনি বলেন, বনানী থেকে মাটিডালী পর্যন্ত বাস সার্ভিস চালু থাকবে।এসি বাস থাকবে,যাত্রীরা ওঠা নামা করবে নির্দিষ্ট স্থানে এবং সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা।ভবিষ্যতে এই রাস্তা দিয়ে রিকশা ভ্যান, অটো রিকশা চলতে পারবে না।
২০ থেকে ৩০ টি বাস চলাচল করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন যে প্রত্যেক সিটি কর্পোরেশন/পৌরসভাগুলোতে ১২ ঘণ্টার মধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণ করবে। অর্থাৎ দুপুর ১২টা থেকে রাত ১২টার মধ্যে সব অপসারণ করা হবে। তিনি বলেন, বগুড়া যেহেতু প্রধানমন্ত্রীর সিটি কর্পোরেশন তাই নবাগত প্রশাসক ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দিবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন রনি এমপি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রাজিয়া সুলতানা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে প্রতিমন্ত্রী দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগঞ্জে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন গ্রাম পুলিশ কিংবা নৈশপ্রহরীর জীবনমান ও কষ্টের কথাও তিনি ভাবেন। সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যারা নীরবে দায়িত্ব পালন করেন, তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। তিনি আরো বলেন, সাধারণ মানুষের জন্য সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন।
তিনি আজ রোববার (২৪ মে) বগুড়ার শিবগঞ্জ পৌরসভার আয়োজনে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ ও শিবগঞ্জ থানা চত্বরে উপজেলার সকল গ্রাম পুলিশ ও হাট-বাজার বন্দরের নৈশপ্রহরীদের অনুষ্ঠানে এ কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, ইদ্রিস আলী, আবু তাহের, হারুনুর রশিদ মাস্টার, যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, পৌর ইঞ্জিনিয়ার রাশেদ হাশিম, পৌর কর্মকর্তা শ্যামল মোদক, বদিউজ্জামান বদি।
পরে প্রতিমন্ত্রী উপজেলা অডিটোরিয়ামে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, আটমূল ইউয়িনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, প্রাথমিক শিক্ষাপদক ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগদান করেন।
এরপর তিনি নবগঠিত মোকামতলা উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে থানা চত্বরে গ্রাম পুলিশ ও নৈশপ্রহরীদের মাঝে অর্থ ও শাড়ি ও লুঙ্গি প্রদান করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170211