আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ঈদ উপহার দেবে বাংলাদেশ বিমান

আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ঈদ উপহার দেবে বাংলাদেশ বিমান

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহার ও উন্নতমানের খাবারের আয়োজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মূলত সম্মানিত যাত্রীদের সেবার মান বাড়াতে এবং ঈদের ভ্রমণকে আরও আনন্দঘন ও স্মরণীয় করে তুলতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি জানিয়েছে।

আজ রোববার (২৪ মে) রাজধানীর কুর্মিটোলাস্থ বিমান সদর দফতর ‘বলাকা’ ভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঈদের দিন আন্তর্জাতিক বহির্গমন ফ্লাইটের যাত্রীদের মাঝে বিতরণের জন্য উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও কাইজার সোহেল আহমেদ উপহার সামগ্রীগুলো বিক্রয়সিসির (বিএফসিসি) মহাব্যবস্থাপকের কাছে বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক (গ্রাহক সেবা) বদরুল হাসান লিটনসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু উপহারই নয়, ঈদের দিন বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ—উভয় রুটের সম্মানিত যাত্রীদের জন্য বিমানে বিশেষ ঈদ স্পেশাল খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি ঈদের দিনেও নিরবচ্ছিন্ন যাত্রীসেবায় নিয়োজিত ও কর্মস্থলে দায়িত্ব পালনরত বিমান বাংলাদেশের সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে, যাতে কর্মক্ষেত্রেও সবাই উৎসবের আমেজ উপভোগ করতে পারেন।

যাত্রীসেবামূলক এই বিশেষ উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। সেই সঙ্গে আগামী দিনগুলোতেও বিমানের যাত্রীসেবার মান আরও উন্নত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে সেবার পরিধি বাড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170192