চুয়াডাঙ্গায় সোয়া কোটি টাকার সোনা উদ্ধার, আটক-১
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের ৫টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এসময় বাপ্পি নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
আজ রবিবার (২৪ মে) দুপুরে এ অভিযান চালানো হয়। আটক বাপ্পি (২৭) চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।
তিনি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবির কাছে স্বীকার করেন, সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধার সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা এবং আটক আসামিসহ জব্দ মোটরসাইকেল দামুড়হুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।