সময়ের সাথে সাথে সিনেমার ঘরানা বদলালেও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বরং বারবার ছকভাঙা চরিত্রে নিজেকে মেলে ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কখনও ‘রঘু ডাকাত’ সেজেছেন, আবার কখনও ‘আমাজন অভিযান’-এর অকুতোভয় শঙ্কর রায় চৌধুরী হয়ে কাঁপিয়েছেন পর্দা।
বৈচিত্র্যময় চরিত্রে বরাবরই তিনি দর্শকদের চমকে দিতে ভালোবাসেন। বর্তমানে তার বহুল আলোচিত সিনেমা ‘দেশু ৭’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। এরই মাঝে হঠাৎ রাজসিংহাসনে উপবিষ্ট এক রাজার সাজে ক্যামেরায় ধরা দিলেন দেব।
সোশ্যাল মিডিয়ায় শেয়ারা করা সেই ছবিতে দেবের পরনে রয়েছে ঘিয়ে রঙের ধুতি ও পাঞ্জাবি, মাথায় রাজকীয় পাগড়ি আর মুখে চড়ানো মোটা গোঁফ। ছবিটির ক্যাপশনে রহস্যের জাল বুনে অভিনেতা লিখেছেন, ‘একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে।’
এমন লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। চলতি বছর দেবের যেসব সিনেমা আসার কথা রয়েছে, তার কোনোটিতেই এমন ঐতিহাসিক বা রাজকীয় চরিত্রে তাকে দেখার পূর্বাভাস ছিল না। তাহলে হঠাৎ কেন এই সাজ?
আপাতত ‘দেশু ৭’ সিনেমার বিভিন্ন শুটিং লোকেশন ঘুরে দেখা ও প্রস্তুতি পর্বের ব্যস্ততার মাঝেই দেবের এই নতুন লুকের রহস্য নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৫ মে ঠিক কী বড় ঘোষণা আসতে চলেছে, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170147