যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় ৫ পুলিশসহ নিহত ৬

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় ৫ পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার পুলিশ বিভাগ। শনিবার (২৩ মে) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, হামলায় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলেই নিহত হন। আল-শিফা হাসপাতালের সূত্রের বরাতে তিনি বলেন, কাছাকাছি একটি সড়কে থাকা অন্তত একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

গাজার পুলিশ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, উত্তর গাজার আত-ত্বাম এলাকায় একটি পুলিশ পোস্ট লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হানি মাহমুদ বলেন, ‘এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই শুধু নয়, তার আগেও আমরা গাজাজুড়ে পুলিশ, স্থানীয় নিরাপত্তা সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার ধারাবাহিকতা দেখছি।’

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170128