নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামিত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৪ মে) ভোর সোয়া ৪টার দিকে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, মৃত সামিত জেলার সুবর্ণচর উপজেলার চরকাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার তাকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি জেলায় হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যুর ঘটনা।
এদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অনেকে।