পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ৩৫ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ।
খলিল হালদার ইঞ্জিন চালিত ট্রলারে করে ভোর রাতে পদ্মার কলাবাগান এলাকায় জাল ফেলেন। জাল তুলতেই দেখেন বিশাল আকৃতির বাঘাইড় মাছ। পরে মাছটি উঠিয়ে দৌলতদিয়ার আড়তে নিয়ে যান বিক্রির জন্য।
মাছটি নিলামে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬০ হাজার ৮৬০ টাকায় বিক্রি হয়। মাছটি বিক্রির উদ্দেশ্যে কিনে নেন এক ব্যবসায়ী।
মাছ ব্যবসায়ীরা বলেন, পদ্মায় এত বড় বাঘাইড় মাছ খুব একটা পাওয়া যায় না।
জেলে খলিল হালদার বলেন, রাতে কয়েকবার জাল ফেলেও মাছের দেখা পাইনি। ভোর রাতের দিকে শেষবার জাল ফেললে এই মাছটি জালে ধরা পড়ে। মাছটি পেয়ে আমি অনেক আনন্দিত। মাছটি বিক্রি করে আমি এবারের ঈদটা ভালোভাবেই কাটাতে পারব।
জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাইড় মাছ ধরা নিষিদ্ধ হলেও মৎস্য আইনে এই মাছ ধরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170124