যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ক্যাম্প সরিয়ে নিলো ইরান
স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে নিজেদের প্রস্তুতি ক্যাম্পের স্থান পরিবর্তন করেছে ইরান। আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেটি সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায়।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ শনিবার এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টিজুয়ানাতে ক্যাম্প করলে ভিসা সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে এবং দল সরাসরি ইরান এয়ারের ফ্লাইটে মেক্সিকোতে যেতে পারবে। তাজ বলেন, ‘আমাদের ক্যাম্প হবে প্রশান্ত মহাসাগরের কাছাকাছি টিজুয়ানায়, যা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের একদম কাছে। এখান থেকে লস অ্যাঞ্জেলেসে যেতে মাত্র ৫৫ মিনিটের ফ্লাইট সময় লাগবে।’
বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে থাকা ইরান প্রথম দুই ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে খেলবে মিশরের বিপক্ষে। তবে বিশ্বকাপের আগে এখনো ভিসা ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ইরান।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর এক মাস আগেও খেলোয়াড় ও স্টাফদের অনেকের যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ কারণে ফিফার কাছে ভিসা, নিরাপত্তা এবং ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আচরণ নিয়ে বিশেষ নিশ্চয়তা চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170107