কেইনের হ্যাটট্রিকে জার্মান কাপ বায়ার্নের
স্পোর্টস ডেস্ক: বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ অপ্রতিরোধ্য। সেই দলই আবার জার্মান কাপে অচেনা। ২০১৯-২০ মৌসুমের পর শিরোপাটা অধরা ছিল তাদের। হ্যারি কেইনের হ্যাটট্রিকে দূর হলো আক্ষেপটা। শনিবার ভিএফবি স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়ে ৬ বছর পর জার্মান কাপ জিতল ভিনসেন্ট কোম্পানির দল।
এটা ২১তম বার জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় বায়ার্নের ।চারবার শিরোপা জেতা স্টুটগার্ট ফাইনালে হারল টানা দ্বিতীয়বার!বুন্দেসলিগা জেতা বায়ার্ন ফাইনালে বিরতির আগে গোল পায়নি। ৫৫তম মিনিটে মাইকেল ওলিসের নিখুঁত ক্রসে করা হেডে ডেডলক ভাঙেন কেইন।
এরপর সমর্থকরা ফ্লেয়ার জ্বালানোয় ধোঁয়ার জন্য ম্যাচ বন্ধ থাকে কিছুক্ষণ। ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন কেইন।
তৃতীয় ফুটবলার হিসেবে ফাইনালসহ জার্মান কাপের প্রতিটি রাউন্ডে গোল করলেন তিনি। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে তার গোল ৬১টি। এমন ছন্দ নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন কেইন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170101