লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২০

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, এসব হামলায় অন্তত ২০ জন নিহত এবং আহত হয়েছে আরো অনেকে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার টায়ার শহরের উত্তরে আল-বাকবুক এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছে। উদ্ধারকারী দল চারজনের লাশ উদ্ধার করলেও এক নারীর লাশ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ইসরাইলি হামলা অব্যাহত থাকায় উদ্ধারকারী দলগুলোর কাজ করতে পারছে না।নাবাতিয়া জেলার সিয়ের আল-গারবিয়া শহরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো পৃথক এক বিমান হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে।

এনএনএ জানিয়েছে, রাশায়া আল-ওয়াদি জেলার আল-রাফিদ শহরে ভোরবেলায় ইসরাইলি বিমান হামলায় একটি বাড়িতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। আরেকটি বিমান হামলায় আল-শাহাবিয়া শহরে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

এনএনএ আরো জানিয়েছে, টায়ার জেলার আল-হুশ শহরে একটি ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। টায়ার জেলার দেইর কানুন এন-নাহর শহরে রাতভর চালানো হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং চারজন নিহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170098